এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ মমতার

কলকাতা, ০৯ জানুয়ারি – আইপ্যাকের বিরুদ্ধে ইডি তল্লাশির প্রতিবাদে আয়োজিত এক সভা থেকে আবারও SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ইস্যুতে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশকুমার’ বলে কটাক্ষ করেন।
সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নতুন প্রজন্মের ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। ভ্যানিশবাবু দেড় কোটি ভোট কাটার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছেন।”
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা স্বজনপ্রীতির অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “নিজের মেয়ে-জামাইকে ডিএম বানিয়েছেন। নির্লজ্জ। এত মানুষের নাম কেটে দিয়ে তারপর তুমি কোথায় থাকবে বাবা? যেখানেই থাকো, তোমায় ফুঁড়ে বের করব।”
তিনি আরও বলেন, “ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে, তাহলে আমি বলব না কেন? উনি কি ম্যাজিশিয়ান? নাগরিকদের অধিকার কাড়লে আমরাও তাদের অধিকার কাড়ব।” একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মনে রাখবেন, আঘাত করলে প্রত্যাঘাত কীভাবে করতে হয়, আমাদের সাংসদরা তা করে দেখিয়েছেন।”
মমতার অভিযোগ, বাদ পড়া ভোটারদের মধ্যে ৫৪ লাখের অধিক নাম রয়েছে, যার বড় অংশই নারী ভোটার। তিনি বলেন, “সব দোষ চাপানো হচ্ছে ইআরও-দের ঘাড়ে। অথচ ইআরও-রাই জানেন না কী হচ্ছে। এটা কত বড় অন্যায়।” সভায় উপস্থিত অভিনেতা দেবকে ইঙ্গিত করে তিনি বলেন, “এই যে দেব বসে আছে— ওঠো ওঠো, কত বছর ধরে বাংলায় সিনেমা করছে।”
উল্লেখ্য, এর আগেও একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই তিনি SIR প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারকে সাড়ে তিন পাতার একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি সতর্ক করে বলেন, এসব অনিয়মের সমাধান না হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘অপূরণীয় ক্ষতি’ হতে পারে।
এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬









