চট্টগ্রামে ছিনতাইয়ের ২৯০ ভরি স্বর্ণ ঢাকায় উদ্ধার, মূল আসামিসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম, ০৯ জানুয়ারি – চট্টগ্রাম নগরের আলোচিত ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই মামলায় মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ছিনতাইকৃত ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ও শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) এবং পাঁচলাইশ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি ভোরে সবুজ দেবনাথসহ তিনজন একটি সিএনজি অটোরিকশায় কোতোয়ালি থানার সাবেরিয়া এলাকা থেকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার দিকে যাচ্ছিলেন। পথে আতুরের ডিপো এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন ছিনতাইকারী তাদের পথরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে ৩৫টি স্বর্ণের বার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ৫ জানুয়ারি পাঁচলাইশ মডেল থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ৮ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে মামলার মূল আসামি সুমন চন্দ্র দাস (৪২), মো. মাসুদ রানা ওরফে বাইক বাবু (৩০) এবং রফিকুল ইসলাম ওরফে ইমনকে (২২) গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন চন্দ্র দাস ছিনতাইয়ের পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে রবি কুমার দাস (৪০) এবং চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে পান্না রানী দাস (৩৮) গ্রেপ্তার হন। এছাড়া মামলার গোপন তথ্যদাতা হিসেবে বিবেক বণিক (৪২)কে গ্রেপ্তার করা হয়।
সিএমপির সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থানার বৈশাখী খেলার মাঠসংলগ্ন একটি বাসা থেকে ২৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬









