রাঙ্গুনিয়ায় অস্ত্রহাতে ভাইরাল যুবককে গ্রেপ্তার করলো যৌথবাহিনী

চট্টগ্রাম, ০৮ জানুয়ারি – চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে অস্ত্র হাতে চলাফেরা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যুবক শওকত আলীকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রঘোনা কদমতলীর চারাবটতলা এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শওকত আলী চারাবটতলা এলাকার গোল বক্সের ছেলে। সম্প্রতি অস্ত্রসহ তার একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এরপর ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শওকত আলী অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন—এমন অভিযোগের প্রেক্ষিতেই তাকে আটক করা হয়। তবে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, শওকত আলীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শওকত আলীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুটি হত্যা মামলা রয়েছে।
এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬









