ব্যবসা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে

ঢাকা, ০৫ জানুয়ারি – ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব বিশ্ববাজারের সোনার দামে দেখা গেছে। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববাজারে সোনার দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিন স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৩ দশমিক ২৯ মার্কিন ডলারে দাঁড়ায়। এটি গত ২৯ ডিসেম্বরের পর সর্বোচ্চ দাম। এর আগে গত ২৬ ডিসেম্বর সোনার দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল।

একই দিনে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার চুক্তির দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৩ দশমিক ৭০ ডলারে পৌঁছায়।

অন্য মূল্যবান ধাতুর দামের দিকেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট রূপার দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে, যা ২৯ ডিসেম্বরের রেকর্ড ৮৩ দশমিক ৬২ ডলারের কাছাকাছি। প্লাটিনামের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ২১৮ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৭২ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে।

সোনার দাম বাড়ার কারণ সম্পর্কে মার্কেটপালস বাই ওএএনডিএ-এর বিশ্লেষক জেইন ভাউদা বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনার কারণে ‘সেফ হ্যাভেন’ হিসেবে সোনার চাহিদা আরও বেড়েছে। এই পরিস্থিতি বাজারে থাকা অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা যদি দেশটির তেল শিল্প উন্মুক্ত করা বা মাদক পাচারের পথ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সঙ্গে সহযোগিতা না করে, তাহলে তিনি নতুন হামলার নির্দেশ দিতে পারেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কলম্বিয়া ও মেক্সিকো যদি মাদক প্রবাহ কমাতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধেও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

ভাউদা আরও বলেন, ভেনেজুয়েলা অভিযানের পর মেক্সিকো নিয়ে ট্রাম্প প্রশাসনের মন্তব্য বাজারে উদ্বেগ আরও বাড়িয়েছে, যার ফলে স্বল্পমেয়াদে সোনার চাহিদা উচ্চ পর্যায়ে থাকবে।

গত বছর সোনার দাম প্রায় ৬৪ শতাংশ বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি। এর পেছনে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো, ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী ক্রয় এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগ বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language