জাতীয়
সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা, ০৫ জানুয়ারি – ভোররাতে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ড ধরে এই কম্পন টের পাওয়া যায়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্র ছিল মাটির প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট করেন। তারা জানান, সিলেট নগরী ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। সেদিন রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার এবং রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬









