জাতীয়

অবরোধ–বিক্ষোভের পর সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি হতে পারে আজ

ঢাকা, ১১ ডিসেম্বর – দীর্ঘ সাত ঘণ্টার অবরোধ–বিক্ষোভের মুখে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুদক কর্মচারীদের সমান ৩০ শতাংশ ঝুঁকি ভাতা দেওয়ার প্রজ্ঞাপন আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জারি হতে পারে বলে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ বিভাগের সূত্রে জানা গেছে, বেলা তিনটার মধ্যেই প্রজ্ঞাপন দেওয়ার প্রস্তুতি চলছে।

বুধবার দুপুরের পর ভাতার দাবিতে অর্থ উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে রাখেন সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বেলা আড়াইটা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত তিনি অবরুদ্ধ থাকেন। পরে পুলিশি সহায়তায় তিনি সচিবালয় ত্যাগ করতে সক্ষম হন।

সচিবালয়ের ১৮ তলা ভবনের চারতলায় অর্থ উপদেষ্টার কার্যালয়। দুপুর দুইটার দিকে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। সকালে তিনি আগারগাঁওয়ে জাতীয় ভ্যাট দিবসের সেমিনারে প্রধান অতিথি ছিলেন। সেখানে থেকে ফেরার পরই ঘেরাওয়ের ঘটনা ঘটে।

কর্মচারীরা জানান, উপদেষ্টা, মন্ত্রী ও সচিবদের সঙ্গে রাত পর্যন্ত কাজ করতে হয় তাদেরও, কিন্তু নিয়মিত বেতনকাঠামোর বাইরে অন্যান্য দপ্তরের মতো কোনো ভাতা তারা পান না। দুর্নীতি দমন কমিশনের কর্মচারীরা মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীরা তা পান না—এ দাবি দীর্ঘদিনের।

আন্দোলনকারীদের একজন বলেন, ‘রেশনের দাবিতে আগেও আমরা উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলাম। তখন তিনি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।’ তিনি জানান, মহার্ঘ ভাতা ঘোষণার আশ্বাসও পূরণ হয়নি। নতুন বেতন কমিশনের কাজ শেষ পর্যায়ে থাকলেও উপদেষ্টা একাধিকবার বলেছেন, সেটি বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার।

এর আগে গত ২২ জুন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতেও কর্মচারীরা অর্থ বিভাগের সামনে অবস্থান নিয়েছিলেন।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. নুরুজ্জামাল বলেন, ‘অর্থ উপদেষ্টা কথা দিয়েছেন, কাল বেলা তিনটার মধ্যে দুদক কর্মচারীদের সমান ঝুঁকি ভাতা হিসেবে আমাদের জন্য ৩০ শতাংশ সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি করবেন।’

এ সময় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিবেরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১১ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language