জাতীয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

ঢাকা, ১০ ডিসেম্বর – নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের সময়সীমা বেঁধে দিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশ করা না হলে ১৭ ডিসেম্বর থেকে মাঠে নামবেন তারা।

তাদের এই দাবির বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পে-স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।

বুধবার (১০ ডিসেম্বর) পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এর আগে, রাজধানীর এক হোটেলে সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়েজিত সেমিনারে অংশ নেন অর্থ উপদেষ্টা। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে দরিদ্রতা বাড়ছে। এর অন্যতম কারণ ভালো প্রজেক্ট নিয়েও সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না। এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আইনে দুর্বলতা আছে, দুর্নীতি আছে, সিস্টেমের জটিলতা সবকিছু মিলিয়েই সমস্যা।

উদ্যোক্তা তৈরির ওপর জোর দিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ঋণ নিয়ে উদ্যোক্তা হওয়া ভালো। নারীরা উদ্যমী, হিসাবী। তারা ফ্যামিলি ওয়েলফেয়ারে খরচ করে বেশি। তাই তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, শহরে প্রপার্টি বাড়ছে, কিন্তু উচিত হলো একে ডিসেন্ট্রালাইজ করা। শহর দরকার আছে, কিন্তু গ্রামকে আরও চমৎকার এবং আকর্ষণীয় করতে হবে। এসডিএফের রোল আরও বলিষ্ঠ হতে হবে। সুবিধাভোগী বাড়াতে হবে। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও আত্মমানবতায় অবদান রাখতে হবে।

উল্লেখ্য, গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। সে হিসাবে কমিশনের হাতে সময় রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language