পদ্মা সেতু-মেট্রোরেল চালু ২০২২ সালের জুনে

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – আগামী বছর জুনের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যোগ দেন।
তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা সত্য নয়। ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানসমূহের জন্য উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যদি কোন মেরামতের প্রয়োজনই হয় সেজন্য তাদেরকে ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেয়া হবে। মন্ত্রী বলেন, সেতুর সকল কাজ শেষ করার লক্ষ্য আগামী বছর ২০২২ এর জুন পর্যন্ত। ২০২২ এর আগেই সকল ফিজিক্যাল ওয়ার্ক শেষ করা হবে।
আরও পড়ুন : দীপন হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া কে এই মেজর জিয়া?
ওবায়দুল কাদের বিআরটিসির লোকসান কমানোর যে চলমান ধারা তা বজায় রাখতে নির্দেশ দেন। বিআরটিসিকে লাভবান করতে সংশ্লিষ্টদের আরো কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।
করোনার টিকা দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জণগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় রেজিষ্ট্রেশন করার মাধ্যমে টিকা গ্রহণ করছে। যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার ও গুজব রটনা করছে তাদের সকল অপচেষ্টা আবারো ব্যর্থ হয়েছে।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১০ ফেব্রুয়ারি









