ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭টি দোকান পুড়ে ছাই

ফরিদপুর, ১৯ অক্টোবর – ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার কাদিরদী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সোয়া ১০টার দিকে বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারের মাছ বাজারসংলগ্ন নাসির দর্জির দোকানে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে মুদি, ওষুধ, চা, কাপড়, বীজ ও জুতার দোকানসহ মোট ১৭টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা হিমাংশু শেখর বিশ্বাস বলেন, “খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।”

ঘটনার পর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে দ্রুত উদ্যোগ নেওয়া হোক।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৯ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language