পিআর নিয়ে আন্দোলনের নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে

ঢাকা, ১৩ অক্টোবর – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে এবং চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না। তিনি জানিয়েছেন, সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাব বিএনপির ৩১ দফার সঙ্গেই মিল আছে এবং অমিল থাকা বিষয়গুলো নির্বাচনের সময় ম্যান্ডেটে নিয়ে যাওয়া হবে।
রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। সংস্কার কমিশন যেসব বিষয় সিদ্ধান্ত নিয়েছে বা যে প্রস্তাব দিচ্ছে, এর বেশিরভাগই বিএনপির ৩১ দফায় আগে থেকেই আছে। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) এ বিষয়ে সনদ স্বাক্ষর করা হবে। যে বিষয়গুলো একমত হয়নি, সেগুলো নির্বাচনের সময় ম্যান্ডেট নিয়ে যেতে হবে।
মির্জা ফখরুল বলেন, ‘নতুন ধারণা পিআর নিয়ে আদৌ জনগণের ধারণা আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংক্রান্ত মন্তব্যে তিনি বলেন, “পিআর নিয়ে কথা হচ্ছে, আন্দোলন হচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। পিআর জনগণ গ্রহণ করবে না। বিএনপি আগেই বলেছে এটা হবে না। চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ গ্রহণ করবে না।” গণমাধ্যমকে তিনি এই বক্তব্য প্রদান করেন।
তিনি আরও বলেন, জনগণ নির্বাচন দেখতে চায়, যার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। ১৪ মাসে রাতারাতি সংস্কার হয়ে যাবে, জনগণ তা বিশ্বাস করে না। তারা চায় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে।
মির্জা ফখরুল এক প্রশ্নত্তোরে বলেন, “একটা অনুরোধ, যে সুযোগ দেশের মানুষ পেয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য, সেই সুযোগ আবার যেন না হারাই। কিছু মানুষ চেষ্টা করছে একাত্তরকে ভুলিয়ে দিতে। একাত্তর হয়েছে বলেই আজ দেশ নিয়ে স্বপ্ন দেখছি। অনেক ষড়যন্ত্র আছে। তাকে পরাজিত করার শক্তি দেশের মানুষের আছে।”
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৩ অক্টোবর ২০২৫









