জাতীয়

শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৬

ঢাকা, ১৬ সেপ্টেম্বর – রাজধানীর শ্যামলীর শিশুমেলার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল হয়। ওই সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এই ঘটনায় ছয়জনকে আটক করেছে, যাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, আটককৃত ব্যক্তিরা মোহাম্মদপুর থানা ছাত্রলীগের নেতা বিন ইয়ামিনের অনুসারী।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ওসি ইমাউল হক বলেন, ঝটিকা মিছিল করতে আসা ব্যক্তিদের একটি অংশ এসেছিল পায়ে হেঁটে। আর একটি অংশ এসেছিল মোটরসাইকেলে করে। যাদের আটক করা হয়েছে, তাদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেছিল একটি দল। পরে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আজ সকাল আটটার দিকে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে শিশুমেলার সামনে কিছু লোক জড়ো হয়েছিলেন। তারা সেখানে ‘জয় বাংলা’ স্লোগানও দিয়েছিল। সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language