সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন আহত

সুনামগঞ্জ, ২৩ আগস্ট – ঢাকা থেকে ছেড়ে যাওয়া তায়েফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) সকালে আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাসটি ছাতক উপজেলার সাহেবনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে সড়কের পাশে খাদে নামানোর সময় বাসটি উল্টে যায়।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস উদ্ধার করে। এ সময় স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় একজনকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়। আহত আরও দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, বাসে প্রায় ১০-১৫ জন যাত্রী ছিলেন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে বাসের যাত্রীরা এলাকাবাসীকে জানিয়েছেন, চালক স্টিয়ারিংয়ে বসেই ঝিমাচ্ছিলেন। তাই বাসটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনাটি যদি তিন কিলোমিটার সামনে ঘটত, তবে বাসটি হাওরের পানিতে পড়ে যেত এবং হতাহতের ঘটনা বাড়তে পারত।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৩ আগস্ট ২০২৫









