নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নাটোর, ০৯ আগস্ট – নাটোরের সিংড়ায় চোর সন্দেহে আকরাম হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় সিঙ্গাপুর এলাকার পারসিংড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন সিংড়া পৌর শহরের পারসিংড়া মহল্লার মৃত ইউনুস আলীর ছেলে।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যোক্তার কবুতর খামারে কয়েকদিন আগে চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে আকরাম হোসেনের বিরুদ্ধে গ্রামের লোকজনের কাছে বিচার দেন মিঠু। গ্রাম্য সালিশে আকরাম হোসেন উপস্থিত না হওয়ায় মিঠু ও তার আরেক সহযোগী শুক্রবার বিকেলে আকরাম হোসেনকে তুলে নিয়ে গিয়ে তার পেয়ারা বাগানে মারপিট করেন। পরে গুরুতর আহত অবস্থায় পারসিংড়া গ্রামের রাস্তায় ফেলে যান। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীমা আফরোজ বলেন, আহত অবস্থায় ভর্তি করা হলেও চিকিৎসা চলাকালে ওই তরুণের মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৯ আগস্ট ২০২৫









