‘রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান’ কোটায় শেখ হাসিনা দপ্তরের ১৫ ড্রাইভারকে প্লট

ঢাকা, ২৪ জুলাই – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নিজের পরিবারের সদস্যদের জন্য নয়, বরং তার দপ্তরে কর্মরত গাড়ির চালকদের জন্যও রাজধানীর ঝিলমিল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দের ব্যবস্থা করেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজউকে অভিযান চালিয়ে এ সংক্রান্ত নথিপত্র জব্দ করে। দুদকের পক্ষ থেকে জানানো হয়, বরাদ্দ পাওয়া চালকদের তালিকায় রয়েছেন— সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, রাজন মাতবর, মাহবুব হোসেন, শাহীন, মতিউর রহমান, নুর হোসেন ব্যাপারী, বোরহান উদ্দিন, বিললা হোসেন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল আলম এবং নুরুন্নবী।
নথিতে দেখা যায়, ‘রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি’ কোটায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সচিব ও ভিআইপিদের অন্তর্ভুক্ত এই ১৫ জন চালককে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
দুদকের এক সূত্র জানায়, দুই জন চালককে তিন কাঠা করে এবং তিন জনকে পাঁচ কাঠা করে জমি বরাদ্দ দেওয়া হয়। একই তালিকায় রয়েছেন আরও ৪৫ জন ব্যবসায়ী, ২ জন বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক, সাংবাদিক, বিচারপতি ও অন্যান্য পেশার মানুষ।
তবে এই বরাদ্দ পাওয়া ব্যক্তিরা কীভাবে রাষ্ট্রের জন্য ‘অসামান্য অবদান’ রেখেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা বা বিশদ তথ্য বরাদ্দের নথিতে পাওয়া যায়নি বলে জানায় দুদক।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৪ জুলাই ২০২৫









