জাতীয়

ঢাকাবাসীকে ধুলার দূষণ থেকে বাঁচাতে ‘তিন দফা নির্দেশনা’

ঢাকা, ০৪ ফেব্রুয়ারি – ঢাকাবাসীকে ধুলার দূষণ থেকে বাঁচাতে নতুন করে তিন দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। আদেশ পাওয়ার এক মাসের মধ্যে তা বাস্তবায়ন করে হলফনামা আকারে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিচারাধীন একটি রিট মামলায় সম্পূরক আবেদনের শুনানির পর বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

রাজধানীর প্রবেশমুখ গাবতলী, যাত্রাবাড়ী, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : টিকা নিতে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে দেড় লাখ মানুষ

সেই সঙ্গে ঢাকার রাস্তায় উপর থেকে পানি ছিটাতে ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে রাস্তার পাশের ছোটোখাটো গাছে জমে থাকা ধুলা-ময়লা পরিষ্কার হয়। আর পানির ঘটাতি তৈরি হলে ঢাকার দুই সিটি করপোরেশকে পানি সরবরাহ করতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমাতুল করিম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী ছিলেন সাঈদ আহমেদ রাজা, দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক এনাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলি এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ০৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language