বগুড়া

সম্ভাব্য মেম্বার প্রার্থীকে মৃত বানানোর অভিযোগ

বগুড়া, ০৩ ফেব্রুয়ারি – বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীকে মৃত বানিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া অভিযোগ উঠেছে ওই এলাকার সাবেক মেম্বার এর বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. বদিউজ্জামান বদি বলেন, ‘সম্প্রতি উপজেলা নির্বাচন অফিসে ভোটার তালিকায় নাম যাচাই করতে গিয়ে দেখি, আমার নাম মৃত হিসাবে কর্তন করা হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখতে পাই, এলাকার সাবেক মেম্বার আব্দুস সোবাহান এবং বর্তমান সংরক্ষিত মেম্বার হেলেনা বিবির যোগসাজশে ২০১৯ সালে এক মৃত ব্যক্তির নামের সাথে আমার জাতীয় পরিচয়পত্র নম্বর জুড়ে দিয়ে আমার নাম কর্তন করেছেন। এ ঘটনায় আমি নির্বাচন অফিসের পাশাপাশি শেরপুর থানায় ওই দুজনের নামে লিখিত অভিযোগ করেছি।’

এ বিষয়ে অভিযুক্ত গাড়ীদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. আব্দুস সোবাহান বলেন, ‘আমি তার নাম কর্তনের জন্য কোনো সুপারিশ করিনি। নির্বাচনকে সামনে রেখে ফায়দা হাসিলের জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’

আরও পড়ুন : রেলে যুক্ত হচ্ছে দ্রুতগতির ৪০ ইঞ্জিন: রেলমন্ত্রী

ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. হেলেনা বিবি বলেন, ‘ভোটার তালিকায় নাম কর্তনের জন্য যে সুপারিশ আমার নামে করা হয়েছে আমি তার সাথে জড়িত নই। দোষীদের শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন বলেন, ‘২০১৭ সালে বনমরিচা গ্রামের আব্দুল মোতালেব মৃত্যুবরণ করেন। কিন্তু ভুলক্রমে তার জাতীয় পরিচয়পত্র নম্বরের জায়গায় বদিউজ্জামানের নম্বর থাকায় তালিকা থেকে নাম কেটে গেছে। একটি ডিজিট ভুল হওয়ায় এমন সমস্যা হয়েছে। আমরা আবারও ওই সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীর নাম প্রতিস্থাপনের জন্য সুপারিশ করেছি। আশা করছি কোনো সমস্যা হবে না, তিনি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।’

সূত্র : আমাদের সময়
এন এ/ ০৩ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language