জাতীয়

রাশেদ খান মেননের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা, ০২ জুন – জুলাই গণ-আন্দোলনের সময় জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সোমবার (২ জুন) ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এছাড়া ওই আন্দোলনে সাজেদুর রহমান ওমর নিহতের ঘটনায় দায়ের করা যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক ওসি আবুল হাসান এবং তেজগাঁও থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে আজিজুল হক এবং আসামিপক্ষে তানভীর আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত মেননের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে শাহবাগ থানা-পুলিশ মনির হত্যা মামলায় রাশেদ খান মেননের ১০ দিনের রিমান্ড আবেদন করে। মামলার অভিযোগে বলা হয়, সরকার পতনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মনির। ওইদিন গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন মনিরের স্ত্রী।

অন্যদিকে, ২১ জুলাই যাত্রাবাড়ীতে আন্দোলনে অংশ নেওয়া সাজেদুর রহমান ওমর গুলিবিদ্ধ হয়ে ২৪ আগস্ট মারা যান। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা করা হয়।

সূত্র: ইত্তেফাক
আইএ/ ০২ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language