বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী

ঢাকা, ২৭ মে – আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবহিনী।
মঙ্গলবার (২৭ মে) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,‘ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এক বক্তব্যে জানান যে, আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোন কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে।’
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৭ মে ২০২৫









