পশ্চিমবঙ্গ

পহেলগামে জঙ্গি হামলায় নিহত কলকাতার বিতান, স্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৩ এপ্রিল – ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতের মধ্যে রয়েছেন কলকাতার এক বাঙালি পর্যটক। তিনি হলেন টালিগঞ্জের পাটুলির বৈষ্ণবনগরের বাসিন্দা বিতান অধিকারী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল বিতান অধিকারী ও তার স্ত্রী এবং বছর তিনেকের সন্তানকে সঙ্গে নিয়ে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন। আগামী ২৪ এপ্রিল তাদের কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু গত মঙ্গলবার পহেলগামের বৈসরণ উপত্যকায় নৃশংস হামলায় মৃত্যু হয় তার।

এই খবরে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে অধিকারী পরিবারের। বিতানের এক আত্মীয় জানিয়েছেন, মঙ্গলবার দুপুরেও ছেলে ও বৌমার সঙ্গে কথা হয়েছে। সবাই আনন্দে ছুটি কাটাচ্ছিল। সন্ধ্যায় খবর আসে, সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয়েছে বিতানের।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে মঙ্গলবার রাতেই বিতানের বাড়িতে পৌঁছান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে মৃতের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। বিতানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। মৃতের স্ত্রী-পুত্রকে কলকাতার ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

এই ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, কাশ্মীরের পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরও বলেন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দোষীরা কেউ যেন রেহাই না পায়। দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৩ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language