সংগীত

দেশের সংগীতগুরু সঞ্জীব দে আর নেই

ঢাকা, ২৯ জানুয়ারি – দেশের অন্যতম সফল সংগীতগুরু সঞ্জীব দে আর নেই। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘নয়াটোলার বাসায় অসুস্থবোধ করায় রাত ১১টার দিকে ধানমণ্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান বলে জানতে পেরেছি পারিবারিক সূত্রে।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আরেক শিল্পী ও সঞ্জীব দে’র শিক্ষার্থী দিনাত জাহান মুন্নী। তিনি বলেন, ‘আমি জেনেছি গুরুজি হার্ট অ্যাটাক করেছেন।’

আরও পড়ুন : ন্যান্সিকে মানসিক চিকিৎসা নিতে বললেন আসিফ

সঞ্জীব দে’কে মূল্যায়ন করা হয় দেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় সংগীতগুরু হিসেবে। ১৯৭৪ সাল থেকে প্রায় ৫ দশক ধরে তিনি সংগীত শিক্ষার কাজটি করে আসছিলেন পরম মমতার সঙ্গে।

পারিবারিক ঐতিহ্য থেকে গানের সঙ্গে জীবন যাপন তার। দাদু পেয়ারী মোহন দে বাঁশিবাদক, বাবা মিথুন দে উচ্চাঙ্গ সংগীতের নামকরা গুরু ছিলেন। সেই ধারাবাহিকতায় সঞ্জীব দে’র সংগীতের পথচলা। শাকিলা জাফর, আলম আরা মিনু, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নীর মতো অসংখ্য শিল্পী তৈরি হয়েছেন তার হাত ধরেই।

তার এই প্রস্থান বাংলা সংগীতের জন্য অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।

এন এইচ, ২৯ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language