ঠাকুরগাঁও

ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক অডিটর ও হিসাবরক্ষণ কর্মকর্তা

ঠাকুরগাঁও, ১৭ মার্চ – ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঘুষ নেওয়ার সময় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটরকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৭ মার্চ) দুপুরে তাদের দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর মো. আব্দুল হান্নান।

দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দুদক কার্যালয়ে অভিযোগ করেন মো. আব্দুল হামিদ নামে এক ব্যক্তি। তিনি একজন অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী। ওই উপজেলার গেদুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলেন। অবসরকালীন সুবিধাপ্রাপ্তির জন্য গত ৫ ফেব্রুয়ারি হামিদ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন। পরে সংশ্লিষ্ট কার্যালয়ের অডিটর মো. হান্নান ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান তার ফাইল প্রক্রিয়াকরণের জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন, যা পরে ২২ হাজার টাকায় সমঝোতা হয়। বিষয়টি হামিদ দুদক ঠাকুরগাঁও কার্যালয়ে জানান। পরে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটকের সিদ্ধান্ত নেয়।

পরিকল্পনা অনুযায়ী, আব্দুল হামিদ চাহিদা মতো ২২ হাজারের মধ্যে ৫ হাজার টাকা নগদ দেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থেকে মো. আব্দুল হান্নানকে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেন। একইসঙ্গে এই কর্মকাণ্ডের মূলহোতা হিসেবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শেরিকুজ্জামানকেও আটক করা হয়।

দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এর আগেও তাদের বিরুদ্ধে দুদক কার্যালয়ে অভিযোগ করেছিলেন ভুক্তভোগীরা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ মার্চ ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language