লক্ষীপুর

লক্ষ্মীপুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

লক্ষ্মীপুর, ১৪ মার্চ – লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলা শহরের মুড়িহাটা এলাকার শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে পুরোহিত চলে যান। পরে রাতে এসে মন্দিরের ভেতর ভাঙাচোরা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। খবর পেয়ে তারা এসে দেখেন প্রতিমা ভাঙা অবস্থায় আছে। মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে কাপড় বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যান। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা জানান, যারাই এই প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, প্রতিমা ভাঙার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কী উদ্দেশে প্রতিমাগুলো ভেঙেছে তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৪ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language