সংগীত

এবার তাহসান ভক্তদের জন্য আসলো আরও এক সুখবর

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। নতুন গান প্রকাশের পাশাপাশি টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। পাশাপাশি অভিনয়েও সরব তিনি। গেল ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে তাহসানের গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি গান। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমার জন্য গানটি গেয়েছেন গেয়েছেন তিনি।

এদিকে ভক্তদের বড় সুখবর দিলেন তাহসান! একটা সময় যে গানগুলো শুরুতে শ্রোতারা শুনেছেন, যেসব গান দিয়ে তাহসান পরিচিতি পেয়েছেন, সেসব গানই রিমেকিংয়ের উদ্যোগ নিয়েছেন তিনি।

রিমেকিংয়ের বিষয়ে তাহসান বলেন, আমি সবসময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমারই নিয়ন্ত্রণে থাকুক। তাই আমার গাওয়া পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি। কারণ, আমি চাই সেগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। যেসব গান করব সেগুলো অনেক হিট হয়েছিল তেমন নয়, কিন্তু আমার খুব প্রিয় গান। আবার এর মধ্যে অনেক হিট গানও রয়েছে, দেখা গেল সেগুলোর অ্যারেঞ্জমেন্ট আমার মনঃপূত হয়নি। তাই গানগুলো আমার নিজের মতো করে শ্রোতাদের কাছে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি।

তাহসান আরও জানান, সেই গানগুলো হচ্ছে ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসেবে প্রকাশ করা হবে। এরই মধ্যে সেগুলোর সংগীতায়োজনসহ সব কাজ শেষ।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৫


Back to top button
🌐 Read in Your Language