নাটোর

নাটোরে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

নাটোর, ১৭ ডিসেম্বর – নাটোরের বাগাতিপাড়ায় আব্দুর রশিদ চৌধুরী নামে এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১টার দিকে দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রশিদ দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

ভুক্তভোগী বিএনপি নেতা রশিদ চৌধুরী জানান, রাত ১টার দিকে তার পরিবারের সবাই গভীর ঘুমে ছিলেন। হঠাৎ গুলির বিকট শব্দে ঘুম ভেঙে যায়। গুলির শব্দ শুনে বাড়ির সবাই ছোটাছুটি শুরু করে। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়। অন্ধকার থাকায় কাউকে চেনা যায়নি।

স্থানীয় জয়ন্তিপুর বাজারের নাইট গার্ডের বরাত দিয়ে ওই নেতা আরও জানান, দুটি মোটরসাইকেলে করে মোট ৬ জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। পরে থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে পিস্তলের দুটি তাজা গুলি ও ৭টি খোসা উদ্ধার করেন।

এ ঘটনায় ওই নেতার বাড়ির থাই গ্লাস ও ওয়াল ফুটো হয় এবং জানালার গ্রিল বাঁকা হয়। আতঙ্ক ছড়ানোর জন্য তার বসতঘরের কাচের জানালায় গুলি চালানো হয়েছে বলে ধারণা ভুক্তভোগী বিএনপি নেতার। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতাও কামনা করেন তিনি।

বাগাতিপাড়া মডেল থানার ওসি অমিনুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৭ ডিসেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language