জাতীয়

সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ ৫-১০ ডিসেম্বর

ঢাকা, ০৪ ডিসেম্বর – সংবিধান সংস্কার নিয়ে নাগরিকদের মতামত জানতে দেশব্যাপী জনমত জরিপ শুরু করছে সংবিধান সংস্কার কমিশন। আগামী বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হওয়া এই জরিপ চলতে ১০ ডিসেম্বর পর্যন্ত। আজ বুধবার সংবিধান সংস্কার কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম. এম ফজলুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধান সংস্কারে দেশব্যাপী জনমত জরিপ কার্যক্রম আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। যা ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। দেশের ৬৪ জেলায় সংবিধান সংস্কার কমিশনের পক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই জরিপ করবে।

গত ৭ অক্টোবর সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়াও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। গঠিত এই কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করবে।

এ লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন সংশ্লিষ্ট অংশীজন ছাড়াও বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছে। সেইসঙ্গে ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামতও নেওয়া হয়েছে। যেখানে ৫০ হাজার ৫৭৩ জন সংবিধান সংস্কার নিয়ে নিজেদের মতামত দিয়েছেন। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও লিখিত মতামত গ্রহণ করেছে কমিশন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language