জয়পুরহাট

জয়পুরহাট জেলা আ. লীগের যুগ্ম সম্পাদক গোলাম মাহফুজ গ্রেপ্তার

জয়পুরহাট, ২৮ অক্টোবর – দুটি হত্যা মামলায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে জেলা শহরের পূর্ব সরদারপাড়া আলহেরা একাডেমি সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন।

গ্রেফতার গোলাম মাহফুজ চৌধুরী অবসর আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র। তিনি আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ চকবিলা গ্রামের বাসিন্দা মৃত গোলাম রসুল চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সেই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৩০ নম্বর আসামি করা হয়।

এ ছাড়া, গত ৫ আগস্ট গুলিতে মারা যান মেহেদী নামে এক অটোরিকশাচালক। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সেই মামলায়ও গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৫১ নম্বর আসামি করা হয়েছে। এই দুটি হত্যা মামলা ছাড়া গোলাম মাহফুজ চৌধুরীর নামে সদর ও আক্কেলপুর থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

জয়পুরহাট থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবকটিতেই গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। রবিবার দিবাগত রাত ১টার সময় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ অক্টোবর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language