বরগুনা

প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশসেরার পুরস্কার নিলেন পাথরঘাটার আয়েশা

ঢাকা, ১৪ মার্চ – পাথরঘাটার মেয়ে আয়েশা সিদ্দিকা রচনা প্রতিযোগিতায় দেশসেরা পুরস্কার গ্রহণ করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। গত বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস ২০২৪ এর উদ্বোধন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় স্কুলভিত্তিক ‘ক’ বিভাগের “বীমা শিল্পের অগ্রযাত্রায় বঙ্গবন্ধু্“ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় আয়েশা সিদ্দিকাকে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী।

আয়েশা সিদ্দিকা পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমাড়া গ্রামের শিক্ষক মো. শাহ আলম ও শাহনাজ পারভীন দম্পত্তির ২য় সন্তান। সে পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

দেশসেরা হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার প্রাপ্তির বিষয়ে আয়েশা সিদ্দিকা বলেন, আমি ভাবতেও পারিনি যে প্রথম হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিতে পারবো। স্কুল থেকে আমাকে বলা হয়েছিল একটি রচনা লিখে জমা দেয়ার জন্য আমি তাই দিয়েছি।

যখন জানতে পারি আমি প্রথম হয়েছি এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করা এগুলো এখনও আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। এই অর্জনে আমি অনেক আনন্দিত ও উচ্ছ্বসিত।

তিনি আরও বলেন, দেশবাসীর কাছে আমি দোয়া কামনা করছি যেন বিসিএস ক্যাডার হয়ে দেশের অবহেলিত জনগোষ্ঠীর সেবা করা ও দেশের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করতে পারি।

এই বিষয়ে আয়েশা সিদ্দিকার বাবা মো. শাহ আলম বলেন, মেয়ের এই অর্জনে আমরা পুরো পরিবার আনন্দিত। সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে কৃতিত্বের সাথে বিসিএস সম্পন্ন করে দেশের মানুষের সেবা করতে পারে।

সূত্র: বিডি২৪লাইভ
আইএ/ ১৪ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language