নওগাঁ

সোমবার বন্ধ থাকবে নওগাঁর সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

নওগাঁ, ২১ জানুয়ারি – উত্তরের জেলা নওগাঁর ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার (২১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি সারাদেশের মধ্যে সর্বনিম্ন।

এ অবস্থায় সরকারি নির্দেশনা মোতাবেক, জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২২ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মর্মে জানা যাচ্ছে। নওগাঁ জেলার আবহাওয়া অফিসের সূত্রমতে, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। বিধায় সোমবার জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language