জাতীয়

স্ত্রীর জন্য জাতীয় পার্টি বিক্রি করেছেন জিএম কাদের

ঢাকা, ১৫ জানুয়ারি – জি এম কাদের শুধু নিজের স্ত্রীর (শেরিফা কাদের) জন্য গোটা জাতীয় পার্টিকেই বিক্রি করে দিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি।

রিজভী বলেন, ‘কেউ যদি আমাকে প্রশ্ন করত যে, আপনি বিএনপি করেন কেন? আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করেন না কেন? যুক্তি একটাই, জবাব একটাই- সেটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই দলের নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি করে নিজেকে গর্ববোধ করি। মামলা-হামলা-কারাগারে যাওয়া, নিপীড়ন-নির্যাতন-রিমান্ডে নেওয়া- এত নির্যাতন সহ্য করেও আমরা বিএনপির রাজনীতি করি। টানা ২৫ দিন রিমান্ডে ছিলাম ২০১৫ সালে, কোনো কিছুই মনে হয়নি। কারণ আমার মনে হয়েছে, আমি যে দলটি করি এটি অত্যন্ত ন্যায়সঙ্গত রাজনৈতিক দল। আমাদের সামনে আদর্শ আছে।’

জাতীয় পার্টির প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সামনে উদাহরণ থাকবে জাতীয় পার্টির। দেখুন এই নির্বাচনে তাদের প্রধান নেতা জি এম কাদের সাহেব কত কথা বললেন- না, এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, এরা গতবার রাতের বেলা নির্বাচন করেছে, কত কথা বললেন। তারপর শুধু নিজের স্ত্রীর (শেরিফা কাদের) জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন এবং এ জন্য তার দলের লোকেরা তার প্রতি স্লোগান দিচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই দোয়া মাহফিল হয়। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সহ-সভাপতি নাজমুন নাহার বেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ মহিলা দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৫ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language