ফুটবল

ব্রাজিলের কিংবদন্তি কোচ ও ফুটবলার মারিও জাগালো মারা গেছেন

ব্রাসিলিয়া, ০৬ জানুয়ারি – ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি মারিও জাগালো মারা গেছেন। ইতিহাসের প্রথম খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়েছিলেন ৯২ বছর বয়সী সেলেসাও তারকা।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে এক বিবৃতিতে জাগালোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে দেশপ্রেম, দৃঢ়তা এবং গৌরবের আরেক সমার্থক ছিলেন রেকর্ড পাঁচ ফাইনাল খেলে চারবার বিশ্বকাপ জেতা জাগালো।

১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন এই লেফট উইঙ্গার। পরের বিশ্বকাপে শিরোপা ধরে রাখা দলেও ছিলেন তিনি। ১৯৭০ সালে তার কোচিংয়েই ব্রাজিল জেতে আরেকটি শিরোপা। পেলে, জেয়ারজিনহো, রিভেলিনো, তোস্তাওদের সেই দলকে মনে করা হয় ফুটবল ইতিহাসের সেরা দল।

পরে ২৪ বছরের খরা ঘুচিয়ে ১৯৯৪ বিশ্বকাপে শিরোপাজয়ী ব্রাজিল দলের সহকারী কোচ ছিলেন তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language