দক্ষিণ এশিয়া

সুখবর পেল ইমরান খানের দল

ইসলামবাদ, ২৭ ডিসেম্বর – পাকিস্তানের আসন্ন জাতীয় পরিষদের নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ব্যাট প্রতীক নিয়ে নির্বাচনে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা স্থগিত করল দেশটির হাইকোর্ট।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ এ নিষেধাজ্ঞা স্থগিত করেন। যা নির্বাচনের আগে পিটিআইয়ের জন্য একটি আইনগত বিজয়।

গত সপ্তাহে পিটিআইকে ব্যাট প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় কমিশন। এছাড়া নতুন নেতৃবৃন্দ নির্বাচনে দলটি যে নিজস্ব নির্বাচন করেছিল সেটিও প্রত্যাখ্যান করে কমিশন।

পেশোয়ার হাইকোর্টের বিচারক হায়াত মিয়াখেল নির্বাচন কমিশনের এই আদেশ স্থগিত ঘোষণা করেন।

পিটিআইয়ের নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার গোহার আলী খান এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ন্যায়বিচারের একটি জয়। আমরা আশা করি চূড়ান্ত রায়ে আদালত নির্বাচন কমিশনের নির্দেশ বাতিল করে দেবেন।

শুনানি চলাকালে পিটিআই কাউন্সেল ব্যারিস্টার আলী জাফর আদালতকে জানান, যখন কোনো দল তাদের অভ্যন্তরীণ নির্বাচনের (নেতৃবৃন্দ নির্বাচন) ফলাফলের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনকে জানায় তখন কমিশন একটি সনদপত্র প্রদান করে এবং সেটি ওয়েবসাইটে প্রকাশ করে। কিন্তু এবার এখনো এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

নির্বাচন কমিশন নতুন নেতৃবৃন্দ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান এবং প্রতীক বরাদ্দ দিতে অস্বীকৃতি জানালে, শঙ্কা দেখা দেয় পিটিআইকে আসন্ন নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। তবে আপাতত সেই শঙ্কা দূর করে দিয়েছেন আদালত।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৭ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language