রংপুর

ঘন কুয়াশায় বগি লাইনচ্যুত, রেলে বিচ্ছিন্ন লালমনিরহাট

রংপুর, ১২ ডিসেম্বর – রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিন ঘন কুয়াশার কারণে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় লাইনচ্যুতির এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার মোবারক হোসেন।

স্টেশন মাস্টার জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকো ট্রেনটি কাউনিয়া পূর্বে কেবিন (তিস্তা পার হয়ে) পৌঁছায়। পরে সকাল ৬টা ৪০ মিনিটে কাউনিয়া স্টেশনে লাইন চেঞ্জিং এর সময় চেঞ্জিং পয়েন্টে ঘন কুয়াশার কারণে ভালোভাবে দেখা না যাওয়ায় লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তিনটা লাইনই ছিড়ে সামনের ইঞ্জিন বাকা হয়ে ইঞ্জিনের সামনের চাকাগুলো লাইন থেকে পড়ে যায়। এতে ইঞ্জিন ও পেছনের বগিসহ ২টি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

তিনি জানান, এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। তবে সাময়িকভাবে অন্যান্য স্থান থেকে ছেড়ে আসা ট্রেন কাউনিয়ায় আসতে পারবে না কিংবা কাউনিয়া থেকেও কোনও ট্রেন ছেড়ে যেতে পারবে না।

কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার আরও জানান, সংস্কারের কাজ চলমান রয়েছে। আশা করছি দ্রুতই সংস্কার শেষে ট্রেন চলাচল শুরু হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১২ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language