মানিকগঞ্জ

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ, ১০ ডিসেম্বর – ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এরই মধ্যে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ৫টি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হবে।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছি না। তাই দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে তখন থেকেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী পাড়ের অপেক্ষায় থাকা ৭টি যাত্রীবাহী বাস ও অর্ধ শতাধিক ট্রাক আটকে রয়েছে।

কুয়াশার কারণে ছোট-বড় ৫টি ফেরি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়েছে। তবে সকালে কুয়াশার মাত্রা কমে আসলে এ দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় শত শত যানবাহন আটকে আছে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুভোর্গে পড়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language