ভোটার এলাকা পরিবর্তন করতে ইসিতে সাকিবের আবেদন

ঢাকা, ২৭ নভেম্বর – ঠিকানা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন মাগুরা–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (এনআইডি) এ কে এম হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সোমবার (২৭ নভেম্বর) ইসি থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে এনআইডি ডিজি বলেন, ‘সাকিব আল হাসান এমনিতেই সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আর আমি আগে থেকেই নানা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। তাই একজন খেলোয়াড় আমার কাছে আসতেই পারেন।’
জানা গেছে, সাকিব আল হাসান তার বর্তমান ঠিকানা ঢাকার বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিতে চান। সংসদ নির্বাচন প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের ভোটার হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রার্থী নিজেই যদি নিজেকে ভোট দিতে না পারেন তবে ভোটারদের মাঝে ভুল বার্তা যায়। এমন উপলব্ধি থেকেই তিনি বর্তমান ঠিকানা পরিবর্তনের আবেদন করেছেন। আর বর্তমান ঠিকানাই একজন নাগরিকের ভোটার এলাকা হিসেবে বিবেচিত হয়।
দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, ১৪ সেপ্টেম্বরের পর নতুন করে ভোটার তালিকায় কাউকে যুক্ত না করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিলেও ভোটার এলাকা স্থানান্তরে অসুবিধা নেই। কেননা, যিনি প্রার্থী হবেন তাকে অতীতেও অনুমোদন দিয়েছে কমিশন। এক্ষেত্রে সাকিবের ভোটার এলাকা পরিবর্তনের আবেদনটি কমিশনের কাছে উত্থাপন করা হবে। কমিশন অনুমোদন দিলে তার ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে।
বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বসেরা এই অলরাউন্ডারকে মাগুরা-১ আসন থেকে দলীয় মনোনয়ন দিয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৭ নভেম্বর ২০২৩









