আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইমাদ ওয়াসিমের বিদায়

ইসলামবাদ, ২৪ নভেম্বর – আন্তর্জাতিক ক্রিকেটকে গুডিবাই জানিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বেশ অনেকটা সময় ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন এক সময়ের টি-টোয়েন্টি ফরম্যাটের নাম্বার ওয়ান বোলার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টে নিজের অবসরের কথা জানান ইমাদ।
পাকিস্তানের জার্সিতে সবমিলিয়ে ১২১টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিলেন ইমাদ ওয়াসিম। বয়সভিত্তিক দলে ছিলেন অধিনায়কও। সবশেষ ম্যান ইন গ্রিনদের হয়ে তাকে দেখা গিয়েছে এপ্রিলে। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন তিনি। তবে শেষ ওয়ানডে খেলেছেন আরও বেশ কয়েক বছর আগে।
এক্সে দেওয়া বিবৃতিতে ইমাদ বলেছেন, ‘গত কয়েক দিনে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। এরপর এই সিদ্ধান্তে এসেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটিই সঠিক সময়। অনেক বছর ধরেই সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।’
এরপরই নতুন দিনের জন্য শুভকামনাও জানিয়েছেন ইমাদ, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আমার ১২১টি ম্যাচের প্রতিটিই ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন কোচ ও নেতৃত্ব আসছে, ফলে পাকিস্তান ক্রিকেটের সামনে রোমাঞ্চকর দিন। সংশ্লিষ্ট সবাইকে সাফল্যের জন্য শুভকামনা। দলের উন্নতি দেখতে মুখিয়ে আছি আমি।’
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৪ নভেম্বর ২০২৩









