জাতীয়

বিএনপির পর জামায়াতেরও ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা

ঢাকা, ১৩ নভেম্বর – একদিন বিরতি দিয়ে বিএনপির সঙ্গে আগামী ১৫ ও ১৬ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি। এর আগে পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আর করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, বর্তমান বিনাভোটের সরকার আবারও ভোটডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে।

তিনি বলেন, এ অবস্থা থেকে দেশকে পরিত্রাণের লক্ষ্যে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমির জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দি এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ১৫ নভেম্বর ভোর ৬টা থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি।

ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৩ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language