জাতীয়

১৫০ সেতু ও ১৪ ওভারপাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৯ অক্টোবর – দেশে দুটি সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন এবং ১৪টি ওভারপাস ও ১৫০টি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তেজগাঁওয়ের সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ওভারপাস ও সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান। বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, সড়ক ও মাহসড় বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের মাধ্যমে নির্মিত ১৪টি ওভারপাস উদ্বোধন করেন।

এর বাইরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসিএ নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেন।

এছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৯ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language