জাতীয়

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ঢাকারই ৭

ঢাকা, ১৯ অক্টোবর – ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সাতজনই ঢাকার। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২১৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৫০ জন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ৩৫০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৫ জন এবং ১৮৩৫ জন ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৪৯ হাজার ৫৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৪ হাজার ১৯৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৩৪৯ জন।

এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই লাখ ৪০ হাজার ৯৭ জন। তাদের মধ্যে ৯০ হাজার ৯৭৩ জন ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরের এক লাখ ৪৯ হাজার ১২৪ জন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৯ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language