ফরিদপুর

ফরিদপুরে ৩টি প্রকল্প উদ্বোধন ও একটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুর, ১৬ অক্টোবর – ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন তিনটি প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল সাড়ে ১০টার সময় সরকারপ্রধান গণভবন থেকে ভার্চুয়ালি এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

প্রকল্প তিনটি হলো— ২১৩ কোটি টাকা ব্যয়ে ১২১ কিলোমিটার কুমার নদ পুনঃখনন, ৩২০ কোটি টাকা ব্যয়ে ৫ দশমিক ৫৫ কিলোমিটার আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ ও ড্রেজিং ও ৩২৮ কোটি টাকা ব্যয়ে চরভদ্রাসনে পদ্মা নদীর ৪ দশমিক ৯৮ কিলোমিটার ডান তীর সংরক্ষণ প্রকল্প।

এছাড়াও মধুমতি নদীর বাম তীরের ভাঙন রক্ষায় ৪৮১ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার বাঁধ নির্মাণ কাজ ও নদী ড্রেজিং কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর ভার্চুয়ালে চলা এই অনুষ্ঠানে ফরিদপুর অংশে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক প্রমুখ।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, মধুমতির নদীর তীর সংরক্ষণ বাঁধটি স্থায়ী ভাবে নির্মাণ হলে ওই এলাকার মানুষের ফসলি জমি, বাড়ি-ঘরসহ সরকারি সম্পদ রক্ষা পাবে। দীর্ঘদিন তারা নদী ভাঙনের কবলে ছিল। প্রতি বছর বর্ষা মৌসুমে তাদের ভূসম্পদ ক্ষতি হতো।

তিনি বলেন, যে তিনটি প্রকল্প বাস্তাবায়ন হয়েছে সেখানকার কৃষি ও নদী পাড়ের মানুষেরা সুফল পাবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language