ঢালিউড

একটা জায়গায় দুঃখ আছে: স্পর্শিয়া

ঢাকা, ২১ ডিসেম্বর- শোবিজের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। ২০১১ সালে নাটক ও বিজ্ঞাপনের কাজ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তবে সুনাম কুড়িয়েছেন নাটকে অভিনয় করে। ২০১৩ সালে ‘ইম্পসিবল ৫’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন স্পর্শিয়া।

সম্প্রতি ছোটপর্দাকে বিদায় জানিয়েছেন ঘোষণা দিয়েই। ব্যস্ত হয়ে উঠছেন বড়পর্দায়। ২০১৯ সালে বড়পর্দায় অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত অভিনয় করেছেন পাঁচটি সিনেমায়। সম্প্রতি ‘নবাব এলএলবি’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন স্পর্শিয়া।

বছরের শুরুতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন এ নায়িকা। প্রতিষ্ঠা করেছিলেন নিজের প্রযোজনা সংস্থা ‘কচ্ছপ ফিল্মস’। নাটক, সিনেমা এবং ওয়েব সিরিজসহ বিভিন্ন প্রডাকশন করার পরিকল্পনা ছিল তার।

কিন্তু করোনার কারণে পুরো পৃথিবী স্থবির হয়ে পড়ায় আটকে যায় স্পর্শিয়ার সব পরিকল্পনা। ২০২০ সাল শেষ হতে যাচ্ছে, পাওয়া না পাওয়ার হিসাবটা কিভাবে করছেন? এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘এ বছর আসলে সবার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। কচ্ছপ ফিল্মস নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, এ বছরই পাবলিকলি বড় আকারে প্রেজেন্ট করতে চেয়েছিলাম। আমাদের বিগ বাজেটের কিছু কাজও ছিল। এই জায়গাতে আমার একমাত্র ক্ষতি হয়েছে। আমার প্রডাকশন হাউজ পুরো বসে গেছে, কাজ বন্ধ হওয়ায়। ফলে আমাকে আবার জিরো থেকে শুরু করতে হবে।’

এছাড়া ২০২০ সাল ভালোই কেটেছে স্পর্শিয়ার। লকডাউনে বসেছিলেন ঘরের মধ্যে। বই পড়ে, সিরিজ দেখে, মুভি দেখে সময় কেটেছে তার। আলাপকালে এমনটা জানিয়ে তিনি আরও বলেন, ‘একটা জায়গায় একটু দুঃখ আছে, এছাড়া বাকি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রহমতে ভালো আছি। অন্যান্য অনেকের চেয়ে আল্লাহ ভালো রাখছেন।’

২০২১ সাল হলে ঘুরে দাঁড়ানোর বছর এমনটাই বিশ্বাস করেন সুন্দরী এ নায়িকা। তার ভাষায়, ‘সামনের বছরে আশা করি সবাই সবকিছু ওভারকাম করতে পারবে, উঠে দাঁড়াবে। দোয়া রাখি।’

আরও পড়ুন : হানিফ সংকেতের নির্দেশনায় ‘মুক্তির কথা বিজয়ের গান’

বিয়ের ইস্যুতে সব সময় আলোচিত স্পর্শিয়া। কবে বিয়ে করবেন তিনি? এমন প্রশ্নের সামনে পড়েছেন একাধিকবার। এখনই বিয়ে নিয়ে ভাবছেন না এ অভিনেত্রী। বিয়ের জন্য আরও সময় নিতে চান তিনি।

আলাপকালে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘আমি এখনও রেডি না। আরও অনেক কিছু করার বাকি। এ বছর তো আমরা সবাই পিছিয়ে গিয়েছিলাম। এ বছর অনেক কিছুর পরিকল্পনা ছিল, সামনে সেগুলো করার চেষ্টা করব।’

আডি/ ২১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language