ফুটবল

মেসির খেলা দেখতে ১২০০ মাইল পাড়ি ভক্তের, ফিরলেন হতাশ হয়ে!

ওয়াশিংটন, ২৭ জুন – আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দেখতে ১২০০ মাইল দূর থেকে এক ভক্ত ছুটে এসেছিলেন। কিন্তু দিনের শেষে হতাশ হতে হয় তাকে। ব্যর্থ হয়েই ফিরতে হল সেই ভক্তকে।

শনিবার (২৪ জুন) মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মায়ামির মধ্যে খেলা ছিল। মেসির সেই ভক্ত ভেবেছিলেন ইন্টার মায়ামির হয়ে বুঝি খেলতে নামবেন তার আরাধ্য ফুটবলদেবতা। কিন্তু ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচ খেলতে মেসি নামবেন সেই জুলাইয়ে।

সেখানেই দেখা যায়, এক যুবকের হাতে একটি পোস্টার। তাতে লেখা, ‘১২০০ মাইল দূর থেকে ফুটবলের সর্বকালের সেরা (গোট)-কে দেখতে এসেছি।’ কিন্তু মেসির অভিষেক ম্যাচ সেটি ছিল না। তাই হতাশ হন সেই ভক্ত। তার পরে ১-৪ গোলে ম্যাচ হারে ইন্টার মায়ামি। তাই আরও হতাশ হয়ে হাতের পোস্টার ফেলে সেখান থেকে হাঁটা দেন তিনি। সেই ভক্তের ভিডিও ফিলাডেলফিয়া ইউনিয়ন তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।

মেসির সঙ্গে আপাতত ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করতে চাইছে ইন্টার মায়ামি। তবে তার চুক্তিপত্রে ২০২৬ সালের কথা উল্লেখ থাকবে। অর্থাৎ, মেসি চাইলে চুক্তি এক বছর বৃদ্ধি করতে পারেন। পিএসজির সঙ্গে মেসির চুক্তিতেও এক বছর বৃদ্ধির কথা ছিল। কিন্তু মেসিই আর চুক্তি বৃদ্ধি করতে চাননি।

শনিবার (২৪ জুন) ছিল মেসির জন্মদিন। ফুটবল বিশ্বকাপ জেতার পরে নিজের প্রথম জন্মদিনে রোজারিয়োতেই ছিলেন মেসি। সেখানে নিজের ছোটবেলার ক্লাব নিউয়েল ওল্ড বয়েজের বিরুদ্ধে আর্জেন্টিনার জার্সিতে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেন তিনি।

মায়ামির একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২১ জুলাই নতুন ক্লাবের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলবেন মেসি। ক্লাবের অন্যতম কর্তা জর্জে মাস জানিয়েছেন, ২১ জুলাই লিগ ক্লাবের প্রথম ম্যাচে মেক্সিকোর ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নামবে ইন্টার মায়ামি। সেই ম্যাচেই অভিষেক হতে চলেছে মেসির।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৭ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language