কানাডায় হাসপাতালে ভর্তি কবি আসাদ চৌধুরী

অটোয়া, ১৯ জুন – বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হঠাৎই হাসপাতালে ভর্তি হয়েছেন কবি আসাদ চৌধুরী।
গত বৃহস্পতিবার (১৫ জুন) রাতে কবিকে কানাডার টরন্টোর স্থানীয় মাইকেল গ্যারন হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শুক্রবার (১৬ জুন) থেকে তিনি সেখানকার ইন্টেন্সিভ কেয়ার কেবিনে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কবি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টসহ নানান জটিল রোগে ভুগছিলেন। এই অবস্থায় তাকে ক্যাথেড্রাল দেওয়া হলেও কোনো উন্নতি না হলে বৃহস্পতিবার রাতে দ্রুত ইমারজেন্সিতে নেওয়া হয়।
স্থানীয় সময় রোববার (১৮ জুন) বিকালে বাংলা সাহিত্যের খ্যাতিমান এই কবিকে হাসপাতালে দেখতে যান স্থানীয় কমিউনিটির নেতারা। তাদের মধ্যে ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ভিপি বাকসু ফয়জুল করিম, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, দপ্তর সম্পাদক খালেদ শামীম প্রমুখ। তাদের আশাবাদ, কবি শিগগিরিই সুস্থ হয়ে উঠবেন। আগের থেকে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো।
সপরিবারে কানাডায় অবস্থান করা আসাদ চৌধুরীর পরিবার কবির দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।
আইএ/ ১৯ জুন ২০২৩









