‘মৃত’ নারী শ্বাস নিচ্ছিলেন কফিনে

কিতো, ১৩ জুন – মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে ইকুয়েডরে এক নারী মারা গেছেন। মৃত্যুর পর চলছিল অন্তেষ্টিক্রিয়া। সমাধিস্থ করার কিছুক্ষণ আগে হঠাৎ শোকার্ত স্বজনরা দেখতে পান, ওই নারী শ্বাস নিচ্ছেন। সঙ্গে সঙ্গে তাকে কফিন থেকে বের করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
গত শুক্রবার লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে এমনই আশ্চর্য্যজনক এক ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সমাধিস্থ করার আগে স্বজনরা বেলা মনতোয়া (৭৬) নামের ওই নারীর কাপড় বদলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ তারা দেখতে পান, কফিনের মধ্যে জোরে জোরে শ্বাস নিচ্ছেন বেলা। কফিনের ঢাকনা খোলা থাকলেও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হচ্ছে তার।
সঙ্গে সঙ্গে মনতোয়াকে কফিন থেকে বের করে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ইকুয়েডরের স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন।
এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই নারীর হৃদ্যন্ত্রের কার্যকারিতা একেবারে কমে গিয়েছিল ও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। এ কারণে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১৩ জুন ২০২৩









