ক্রিকেট

অবশেষে ফতুল্লা স্টেডিয়াম ঠিক করার সিদ্ধান্ত নিল বিসিবি

ঢাকা, ১২ জুন – লম্বা সময় ধরে অনেকটা অবহেলা-অযত্নেই পড়ে আছে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম। মূল মাঠের পাশে আউটারে পানি জমে কচুরিপানা জমে গেছে। এছাড়া মূল মাঠের অবস্থাও যে খুব একটা ভালো তা কিন্তু নয়। জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্বে থাকা এই স্টেডিয়ামের এমন বেহাল দশায় এবার হাল ধরছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘খেলার উপযোগী করার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি। সিদ্ধান্ত নিয়েছি আমরাই করে ফেলবো। মাটি ফেলে উঁচু করে যেন খেলা যায়। পরের মৌসুমগুলোতে যেন খেলতে পারি। এখন খেলছি, কিন্তু পরিবেশ এত ভালো না। আমরা চেষ্টা করছি মাঠগুলো খেলার উপযোগী করা যায় কিনা। ’

এদিকে ঢাকার মধ্যে নতুন করে পুবাইল ও পূর্বাচলে দুটি মাঠ কিনেছে বিসিবি। একইসঙ্গে বগুড়া ও চট্টগ্রামে মাঠ কেনা হবে বলেও নিশ্চিত করেছেন পাপন। তিনি বলেন, ‘ঢাকার বিভাগের খেলাগুলোর জন্য আমাদের জায়গা নেই। আশা করছি ফতুল্লা স্টেডিয়াম ঠিক হবে। হচ্ছে না। বুয়েট থেকে ডিটেইল করে জমা দিয়েছি, কিন্তু কাজ করছে না। আমাদের কিছু মাঠ কিনতে হবে। দুইটা মাঠ কেনার সিদ্ধান্ত হয়েছে।’

‘একটি ৩০ বিঘা, আরেকটি ৩৮ বিঘা। আমরা দাম দেখেছি। একটা পুবাইল আরেকটা পূর্বাচলের কাছে। আশা করছি হয়ে যাবে। চট্টগ্রাম ও বগুড়ায় দুই জায়গায় প্রপোজাল এসেছে। চট্টগ্রামেরটা কিনে দিতে বলেছি। আর বগুড়ারটা আমরা আরেকটু দেখে তারপর সিদ্ধান্ত নেবো।’-আরও যোগ করেন পাপন।

পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে নিশ্চিত করে পাপন বলেন, ‘শেখ হাসিনা স্টেডিয়াম বোর্ড থেকে ফর্মালি ওকে। আগামী মাসের মধ্যে সব বাকি সব প্রসেস শেষ হবে। এরপর রেটিং করাবো। আমাদের পরিকল্পনা হচ্ছে সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে সিভিল কনস্ট্রাকশন কন্ট্রাক্ট করাবো। এ বছরের মধ্যে কাজ কাকে দেওয়া হবে সিলেক্ট করবো।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১২ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language