গাজীপুর
টঙ্গীতে ডাইং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

টঙ্গী, ০৭ মে – গাজীপুরের টঙ্গীতে একটি ডাইং কারখানার গুদামে আগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গীর বিসিক পাগাড় এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস্ লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা ইকবাল হাসান।
তিনি জানান, কারখানার ভেতরে একটি গুদামে তুলা ও কারখানার উৎপাদিত সুতা মজুত ছিল। আগুন লাগার খবরে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা থেকে আরও দুইটি ইউনিট যুক্ত হয়। আগুন নেভাতে গিয়ে চারজন শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ মে ২০২৩









