টলিউড

বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

কলকাতা, ১০ এপ্রিল – অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। যদিও বাস্তবে নয়, পর্দায় বিয়ে করতে চলেছেন। আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে ‘লাভ ম্যারেজ’। তবে পর্দায় বৈশাখের বিয়েতে বিয়ে সারলেও শোনা যাচ্ছে চলতি বছরের শেষে নাকি আইনি বিয়ে সারবেন টলিপাড়ার এই জুটি। আপাতত তারা দুজনেই এই ছবির প্রচারে ব্যস্ত।

সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা পোস্ট করে এই ছবির প্রচার করছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। এই ছবিকে কেন্দ্র করে তাদের সম্পর্ক থেকে এই ছবি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ছবিটি মুক্তি পেতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার আগে ‘লাভ ম্যারেজ’ নিয়ে নতুন একটি পোস্ট করলেন অভিনেতা।

ছবির প্রচারের জেরে প্রকৃত বিয়েতে যা যা হয় তাই তাই করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আইবুড়ো ভাত খাওয়া থেকে বরের গাড়ি সাজানোসহ সবটাই করছেন তারা। বাদ যাচ্ছে না ভাত-কাপড়ের অনুষ্ঠানও। আসল বিয়ের আগেই সমস্ত নিয়ম কানুন সেরে নিচ্ছেন তারা। আর সেটা নিয়েই আক্ষেপ প্রকাশ করলেন অভিনেতা। বললেন ‘আসল বিয়ের জন্য কিছুই বাকি থাকল না।’

প্রায় ১২ বছর ধরে সম্পর্কে আছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। এই সময় নানা সমস্যা এলেও তারা একে অন্যের পাশে থেকেছেন। এবার তাদের এই পর্দার বিয়ের গাড়ির ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘আমাদের ভালোবাসার এই বাহন নিয়ে আসছি তোমাদের কাছে। সেজে উঠছে আমাদের লাভ ম্যারেজের গাড়ি। আসল বিয়েটার জন্যে কিছুই বাদ রাখলাম না মনে হচ্ছে। যাই হোক আপাতত ১৪ এপ্রিল আসছে আমাদের লাভ ম্যারেজ সিনেমা হলে। আর মাত্র পাঁচ দিন বাকি। ততদিন আমার আর ঐন্দ্রিলার বাহন এটাই। স্বপরিবারে যাবেন কিন্তু। আর আশীর্বাদ ভালোবাসা দেবেন।’

আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে লাভ ম্যারেজ। এই ছবিতে ঐন্দ্রিলা, অঙ্কুশ ছাড়াও দেখা যাবে অপরাজিতা আঢ্য এবং রঞ্জিত মল্লিককে।

আইএ/ ১০ এপ্রিল ২০২৩

Back to top button
🌐 Read in Your Language