ফুটবল

কান্নাজড়িতে কণ্ঠে যা জানালেন ম্যারাডোনার চিকিৎসক

বুয়েনোস আইরেস, ০১ ডিসেম্বর – সদ্যপ্রয়াত আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার ব্যক্তিগত ডাক্তার লিওপোল্ডো লুকের বাড়ি এবং প্রাইভেট ক্লিনিকে তল্লাশি চালিয়েছে পুলিশ। ম্যারাডোনার চিকিৎসায় কোনো অবহেলা ঘটেছিল কিনা পুলিশ তা বের করার চেষ্টা করছে।

তল্লাশি শেষে নিওরোলজিস্ট লিউপল্ডো লুকি সাংবাদিকদের জানান, তিনি ম্যারাডোনার চিকিৎসা সংক্রান্ত সব নথির পাশাপাশি কম্পিউটার, হার্ড ড্রাইভ ও সেলফোন পুলিশকে দিয়েছেন। গত ৩ নভেম্বর ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। এর কয়েকদিন পর গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। এ ব্যাপারে কান্নাজড়িত কণ্ঠে চিকিৎসক লিউপল্ডো বলেন, আমি জানি আমি কী করেছি। আমি জানি কীভাবে আমি তা করেছি…আমি পুরোপুরি নিশ্চিত যে, আমি যা করেছি; সেটিই ছিল ডিয়েগোর জন্য সর্বোত্তম, সেটিই ছিল আমার সর্বোত্তম চেষ্টা।

আরও পড়ুন : ম্যারাডোনার লাশ চুরির আশঙ্কায় পাহারায় ২০০ পুলিশ

অবশ্য লিউপল্ডো ম্যারাডোনার প্রধান চিকিৎসক ছিলেন না। চিকিৎসকদের একটি দলের অংশ ছিলেন। ব্রিটিশ সংবদমাধ্যম গার্ডিয়ানের খবরে জানা গেছে, মৃত্যুর আগে ম্যারাডোনার পাওয়া চিকিৎসা নিয়ে একটি তদন্তের দেখভাল করছে সান ইসিদ্রোর প্রসিকিউটরের কার্যালয়।

ম্যারাডোনার গুরুতর শারীরিক সমস্যা ছিল। অতিরিক্ত মাদক সেবন ও মদপানের কুফল ছিল তা। ২০০০ এবং ২০০৪ সালে প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। লিউপল্ডো জানান, ম্যারাডোনা যা চাইতেন তা করতেন। তিনি কয়েকবার তার বাড়ি থেকে চিকিৎসকদের তাড়িয়ে দিয়েছিলেন। এ ব্যাপারে লিউপল্ডো বলেন, ডিয়েগো যা চাইত তা করত। তার সাহায্যের দরকার ছিল। কিন্তু তার কাছে যাওয়ার কোনো উপায় ছিল না।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ০১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language