বলিউড

হলি আর্টিজানের ঘটনায় নির্মিত ‘ফারাজ’-এর ট্রেলার প্রকাশ

মুম্বাই, ১৬ জানুয়ারি – প্রকাশ হল বহুল আলোচিত চলচ্চিত্র ‘ফারাজ’-এর ট্রেলার। রাজধানীর ঢাকায় হলি আর্টিজানে হওয়া মর্মান্তিক সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটির মুক্তির জন্য দীর্ঘ দিন ধরেই প্রতীক্ষায় ছিল দুই দেশের দর্শকরা। মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে ‘ফারাজ’।

ট্রেলারে, একরাতের ভয়াবহ সন্ত্রাসী হামলা ফুটে উঠেছে। সন্ত্রাসীদের মোকাবিলা করে অভিনেতা জাহান কাপুরকে বলতে শোনা যায়, ‘তোমাদের মতো লোকদের কাছ থেকে আমার ইসলাম ফেরত চাই আমি।’ জাহান প্রয়াত অভিনেতা শশী কাপুরের নাতি এবং রণবীর কাপুর এবং কারিনা কাপুরের চাচাতো ভাই। সিনেমাটির খলনায়ক চরিত্রে অভিনয় করছেন আদিত্য রাওয়াল। তিনি পরেশ রাওয়ালের ছেলে।

ঢাকা হলি আর্টিজানে হওয়া মর্মান্তিক সন্ত্রাসী হামলার উপরে নির্মিত চলচ্চিত্রটির ট্রেলারে সেই রাতের ভয়াবহতা ফুটে উঠেছে। ঢাকার বুকে জনসমাগমপূর্ণ রোস্তোঁরায় হঠাৎ করে সন্ত্রাসীদের আক্রমণ ও এলোপাতাড়ি গুলি চালিয়ে জিম্মিকৃতদের ধর্মের নামে হত্যার গল্প উঠে এসেছে ফারাজে। জিম্মিদের উদ্ধারে এগিয়ে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও দেখা গেছে ট্রেলারে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির ট্রেলার মুক্তির পরপরই প্রশংসা কুড়াচ্ছে।

 

ফারাজ সম্পর্কে সিনেমাটির নির্মাতা হানসাল মেহতা একটি বিবৃতিতে বলেছিলেন, ‘‘আমার কাছে ফারাজ আমাদের সময়ের একটি মর্মান্তিক গল্প। এটি এমন একটি ঘটনা যা বাংলাদেশের রাজধানীকে নাড়া দিয়েছিল। ২০১৬ সালে হলি আর্টিজানের সেই নৃশংসতাকে পর্দায় অন্বেষণ করার চেষ্টা করেছি। টানটান উত্তেজনাপূর্ণ এক রাতের গল্পে নির্মিত থ্রিলারটিতে সেই ভয়াবহ মুহূর্তটি তুলে আনার চেস্টা করেছি। পৃথিবীর কোথাও সন্ত্রাসবাদ সমর্থন করি না। যুব সমাজকে অস্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ধর্মান্ধতার বিরুদ্ধে দাঁড়ানো নৃশংসতা ও হিংসাকে পরাজিত করতে যে অসীম সাহস এবং মানবতার প্রয়োজন হয়, তার উপর আলোকপাত করেই ‘ফারাজ’ তৈরি করা হয়েছে।’’

ফারাজে আরো অভিনয় করেছেন জুহি বাব্বর, আমির আলি, শচীন লালওয়ানি, পলক লালওয়ানি এবং রেশহাম সাহানি সহ প্রমুখ সিনেমাটি ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন হানসাল মেহতা এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনুভব সিনহা, টি সিরিজ ও বেনারাস মিডিয়া ওয়ার্কস।

আইএ/ ১৬ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language