ফুটবল

বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই সাইমন মারসিনিয়াক

দোহা, ১৮ ডিসেম্বর – লিওনেল মেসি কি পারবেন তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করতে নাকি পেলের পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা দুটি বিশ্বকাপ ট্রফি জিতবেন ২৩ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে? দুজনই তাদের সাফল্য থেকে আর ৯০ মিনিট দূরে, আর এই হেভিওয়েট ম্যাচ পরিচালনা করবেন সাইমন মার্সিনিয়াক।

এই বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনালের রেফারি মার্সিনিয়াক। প্রথম কোনও পোলিশ রেফারি বিশ্বমঞ্চের শিরোপা নির্ধারণী মঞ্চে থাকবেন। ৪১ বছর বয়সী মার্সিনিয়াক ২০১৩ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি, পোলিশ শীর্ষ লিগে ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে।

কাতারে দুটি ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন মার্সিনিয়াক। গ্রুপ পর্বে ফ্রান্স বনাম ডেনমার্ক ও শেষ ষোলোতে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ পরিচালনা করেন তিনি। দুই ম্যাচে সব মিলিয়ে পাঁচটি হলুদ কার্ড দেন, নেই কোনও লাল কার্ড ও পেনাল্টি।

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ও ইন্টার মিলানের ৩-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচেও রেফারি ছিলেন মার্সিনিয়াক। এছাড়া অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে পোর্তোর ২-১ গোলে হারের ম্যাচেও ছিলেন। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোর সুপার কাপের দায়িত্বে দেখা গেছে তাকে। একই বছর বিশ্বকাপে দুটি ম্যাচে রেফারি ছিলেন তিনি।

এই বিশ্বকাপে বিতর্কিত রেফারিং নিয়ে আলোচনার পর বিতর্কহীন মার্সিয়ানিককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কতটা সফল হয়, সেটাই দেখার অপেক্ষা।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৮ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language