ফুটবল

বেনজেমার ফাইনাল খেলার সম্ভাবনা নাকচ করে দিলেন দেশম

দোহা, ১৭ ডিসেম্বর – সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালের টিকিট পাওয়ার পর ইনজুরি কাটিয়ে ওঠা ফরোয়ার্ড করিম বেনজেমার ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের করা প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বিষয়টি রহস্যাবৃত করে রেখেছিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তখন থেকেই এই রিয়াল মাদ্রিদ তারকার আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলার সম্ভাবনার কথাটির ডালপালা গজাতে থাকে।

সেই দিদিয়ের দেশমই ফাইনালের আগের দিন নিশ্চিত করছেন, ফাইনালে বেনজেমার খেলার সম্ভাবনা নেই। তিনি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় ইনজুরি আক্রান্ত। করিম বেনজেমা তাদের মধ্যে একজন। এছাড়াও লুকাস ফার্নান্দেজ প্রথম ম্যাচে আঘাত পেয়েছেন। আমরা তিনজন ফুটবলারকে হারিয়েছি। করিম বেনজেমা, লুকাস হার্নান্দেজ ও ক্রিস্টোফার এনকুনকু। তারা সবাই আমার শুরুর স্কোয়াডে ছিলেন। আমার যে ২৪ খেলোয়াড় স্কোয়াডে আছেন তাদের ওপরই আমি পুরোপুরি ফোকাস রাখছি।’

স্কোয়াড থেকে বাদ পড়া এবং চোটগ্রস্থ অনেকে ফাইনাল উপলক্ষ্যে কাতারে আসছেন। এ বিষয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘খেলা দেখতে কারা আসবেন না আসবেন তা আমি নির্ধারণ করি না। আমার মনোনিবেশ যারা এখন স্কোয়াডে আছেন তাদের ওপর।’

এর আগে বেনজেমার ফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়েছে এই রিয়াল মাদ্রিদ তারকার ইনস্টগ্রামে করা এক মন্তব্যে। তিনি লিখেছেন ‘আমি আগ্রহী নই।’ এর অর্থ ধরেই নেওয়া যায় তিনি বিশ্বকাপের ফাইনাল খেলার সম্ভাবনা নিয়েই কথা বলেছেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৭ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language